28/07/2026
এক অতি গুনাহগার ব্যক্তি হজ করতে গিয়ে কাবার গিলাফ ধরে এভাবে দোয়া করছিলেন:
"হে আল্লাহ! এই ঘরের জিয়ারতকে 'হজ' বলা হয়। আর এই 'হজ' (حج) শব্দে দুটি অক্ষর আছে। 'হা' (ح) দিয়ে তোমার হুকুম (আদেশ) আর 'জিম' (ج) দিয়ে আমার জুরম (গুনাহ/অপরাধ) বোঝায়।
হে মাবুদ! তুমি তোমার হুকুমের বরকতে আমার সব গুনাহ মাফ করে দাও।"
অদৃশ্য থেকে আওয়াজ এলো, "হে আমার বান্দা! তুমি কত সুন্দর আকুতি জানালে! আবারও বলো..."
সে ব্যক্তি তখন নতুন ভঙ্গিতে বলতে শুরু করল,
"হে আমার ক্ষমাশীল প্রভু! হে গাফফার! তোমার ক্ষমার দরিয়া গুনাহগারদের মাফ করার জন্য উথাল-পাথাল করছে, আর তোমার রহমতের ভাণ্ডার প্রতিটি প্রার্থনাকারীর জন্য খোলা।
হে ইলাহি! এই ঘরের জিয়ারতকে 'হজ' বলে। হজে দুটি অক্ষর আছে —'হা' এবং 'জিম'। 'হা' দিয়ে আমার হাজত (প্রয়োজন) আর 'জিম' দিয়ে তোমার জূদ-ও-করম (দান ও দয়া) বোঝায়। তুমি তোমার অসীম দয়ায় এই নিঃস্ব বান্দার প্রয়োজন পূরণ করে দাও।"
আবারও আওয়াজ এলো,
"হে আমার বান্দা! তুমি কী চমৎকার প্রশংসা করলে! আবারও বলো..."
সে আবার আরজ করল, "হে মহাবিশ্বের স্রষ্টা! তোমার সত্তা প্রতিটি দোষ ও দুর্বলতা থেকে পবিত্র। তুমি মুসলমানদের ওপর তোমার ক্ষমার পর্দা ঢেকে রেখেছ।
হে আমার রব! হজের দুই অক্ষরের মধ্যে 'হা' দিয়ে যদি আমার হালাওয়াত-এ-ঈমানি (ঈমানের মিষ্টতা) আর 'জিম' দিয়ে তোমার জালাল (মহিমা) বোঝায়—তবে তোমার মহিমার উসিলায় এই দুর্বল বান্দার ঈমানের মিষ্টতাকে শয়তান থেকে রক্ষা করো।"
তখন আওয়াজ এলো,
"হে আমার পরম অনুগত ও সত্যবাদী বান্দা! তুমি আমার হুকুম, আমার দয়া এবং আমার মহিমার উসিলায় যা কিছু চেয়েছ, আমি তোমাকে তা দান করলাম। আমার কাজই হলো প্রার্থনাকারীর ঝুলি ভরে দেওয়া, কিন্তু কথা হলো — সঠিকভাবে চাওয়ার মতো কেউ কি আছে?"
হে আল্লাহ! আমাদের মতো গুনাহগারদের চাওয়ার সঠিক পদ্ধতি ও তাওফিক দান করুন। আমিন
উর্দূ আর্টিকেল থেকে অনূদিত।